ads

রাজশাহীতে শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীতে শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার
গ্রেপ্তার প্রতীকী। ছবি: চরচা

রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী র‍্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানির কমান্ডার মেজর মনজুরুল কবির এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ২২ বছর বয়সী দেব চন্দ্র দাস চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার দুপুরে দেব চন্দ্র দাস তার প্রতিবেশী ওই শিশুকে টিভি দেখার ও খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নেয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত দেব চন্দ্র দাস।

এদিকে দীর্ঘক্ষণ সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্রের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন স্বজনরা। তখন শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। পরে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় বুধবার বিকেলেই শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযানে নামে র‍্যাব। এরপর বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ধর্ষণের কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত