Advertisement Banner

প্রথম দিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন, সন্তোষ প্রকাশ শিক্ষামন্ত্রীর

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রথম দিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন, সন্তোষ প্রকাশ শিক্ষামন্ত্রীর
পরীক্ষা চলাকালীন অবস্থায় শিক্ষার্থী। ছবি: চরচা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

পরীক্ষা চলাকালে শিক্ষামন্ত্রী রাজধানীর মিরপুর ও মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় পাঁচটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আজকের পরীক্ষায় জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষার মাঠ প্রশাসন এবং সামাজিক কমিউনিটির সবাই এবার শতভাগ সহযোগিতা করছে। এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে কেউ কাউকে বিরক্ত করছে না, সবাই চায় শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিক।”

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবারই প্রথম সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র পরিবহনে ডিজিটাল ট্র্যাকিংসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে।

সম্পর্কিত