সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল শুক্রবারের দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে সিলেট জেলা প্রশাসক।
এই দুঘটনায় যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছে।
এই ঘটনার তদন্তের জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
এছাড়াও এই কমিটিতে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ এবং ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) আছেন।
আজ শনিবার সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে চরচাকে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, “গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় মোট ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন ঘটনাস্থলেই মারা যান। পরে ৩ থেকে ৪ বছর বয়সী এক শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।”