ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরইমধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির লাখো মানুষ সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে সমবেত হয়েছেন। তাদের জায়গা করে দিতে গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেওয়া হয়েছে।
এদিকে খামেনির দাফন প্রক্রিয়ায় যোগ দিতে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে পৌঁছানোর জন্য তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএর অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরা বিপুলসংখ্যক লোক বন্ধ স্টেশনের গেটের সামনে জড়ো হয়েছেন। তারা গেট খোলার অপেক্ষায় রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। চার মাস পর আজ শনিবার তার এই জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার তেহরানে তার প্রতি শ্রদ্ধা জানানোর সময় পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কান্নায় ভেঙে পড়েন।