নির্বাচিত হলে জাতিকে আর বিভক্ত করতে দেব না: জামায়াত আমির

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নির্বাচিত হলে জাতিকে আর বিভক্ত করতে দেব না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

আগামী নির্বাচনে নির্বাচিত হলে জামায়াতে ইসলামী জাতিকে আর বিভক্ত হতে দেবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, জাতি, বর্ণ, ধর্মের ওপর বিভক্ত করে এই দেশকে; দেশের মানুষকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক দলমতের ভিত্তিতে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, খুন-গুমের শিকার হতে হয়েছে।

আজ শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘‘এই নির্বাচনের মধ্যে দিয়ে যে বাংলাদেশ গঠন করা হবে, সেটি হবে তারুণ্যের বাংলাদেশ, যৌবনদীপ্ত বাংলাদেশ। সকল বাঁধা অতিক্রম করে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা তরুণদের নিয়ে এবার এগিয়ে যাচ্ছি।’’

জামায়াত আমির বলেন, ‘‘যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও আমরা ডাকব, আমাদের সঙ্গে মিলে কাজ করুন। তবে কোনো অপরাধ করা যাবে না, ব্যাংক-ডাকাতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া যাবে না, বিচারিক কাজে হস্তক্ষেপ করা যাবে না। এটা মেনে নিতে হবে।’’

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যে জুলাইয়ের কারণে আমরা আজ জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে। জুলাইকে ধারণ করে ১৮ কোটি মানুষের স্বার্থে এগিয়ে যেতে হবে।’’

‘‘এদেশে মুসলমান ছাড়া আরো তিন ধর্মের মানুষ বসবাস করে। আপনারা সকল ধর্মীয় অধিকার পূর্ণ-স্বাধীনভাবে পালন করবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রের দায়িত্ব পালনে কারও ধর্ম দেখা হবে না। সেক্ষেত্রে দেখা হবে কর্মকর্তা সেই কাজের যোগ্য কিনা, তার মধ্যে দেশপ্রেম আছে কিনা।’’

জামায়াতের আমির বলেন, ‘‘আমরা শিক্ষার অমূল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে আমরা এগুতে পারবো না। বেটার এডুকেশন, বেটার নেশন। এডুকেশন ভালো না হলে একটা ভালো জাতি আমরা গঠন করতে পারব না। আগামীতে যারাই সরকার গঠন করবে, তাদের জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গিকার দিতে হবে। আমরা আর এই জাতির বিভেদ করতে চাই না। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পরিবার, কারো স্বার্থ দেখব না, স্বার্থ দেখব শুধু জনগণের ইনশাআল্লাহ।’’

সম্পর্কিত