পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার পদায়ন ইস্যুতে যা বলছে জামায়াত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার পদায়ন ইস্যুতে যা বলছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে স্পষ্ট বক্তব্য প্রদান করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার জানান, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঘটনাটি মূলত দুই সপ্তাহ আগের। সে সময় আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রফেসর ড. মাহমুদুল হাসান। দেশের পররাষ্ট্র বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল।

সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, প্রফেসর মাহমুদুল হাসান আমীরে জামায়াতের নির্দেশনার বাইরে গিয়ে চিঠিতে কিছু অতিরিক্ত বিষয় যুক্ত করেছিলেন। বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা-সংক্রান্ত অংশটি আমীরে জামায়াতের মূল নির্দেশনায় ছিল না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিষয়টি দলের নজরে আসার পরপরই ডা. শফিকুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এরই প্রেক্ষিতে গত ২ মার্চ প্রফেসর ড. মাহমুদুল হাসানকে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিবৃতিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে বিরোধীদলীয় নেতার (আমীরে জামায়াত) নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল ও স্বচ্ছ রাজনৈতিক দল। কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে আমরা তা দ্রুত সংশোধনের নীতিতে বিশ্বাসী।”

তিনি আরও যোগ করেন, যেহেতু ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই এ নিয়ে আর কোনো বিভ্রান্তির অবকাশ নেই। তিনি সংশ্লিষ্ট সকলকে সঠিক তথ্য যথাযথভাবে উপস্থাপনের আহ্বান জানান।

সম্পর্কিত