পেটে হাত ঢুকিয়ে পাচার করা টাকা বের করে আনব: জামায়াত আমির

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
পেটে হাত ঢুকিয়ে পাচার করা টাকা বের করে আনব: জামায়াত আমির
ফাইল ছবি

বিগত সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া ‘২৮ লাখ কোটি’ টাকা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াত আমির বলেন, “জনগণের সম্পদ যারা লুণ্ঠন করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা ক্ষমতায় এলে, ইনশা আল্লাহ চোরদের পেটের ভেতর হাত ঢুকিয়ে পাচার করা সেই টাকা বের করে নিয়ে আসব।”

ময়মনসিংহ-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কামরুল আহসান ইমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জামায়াত জোটের ১১ জন প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক তুলে দেন আমির। তবে কেন্দ্রীয় আমিরের উপস্থিতি ও প্রতীক বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকা সত্ত্বেও জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটা সীমিত, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

​বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান দেশের অর্থনীতি ও অর্থ পাচার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বিগত শাসনামলে পদ্ধতিগতভাবে দেশের টাকা চুরি করে বিদেশে পাহাড় গড়ে তোলা হয়েছে। শুধু পাচার হওয়া টাকা উদ্ধারই নয়, যারা এই অর্থ চুরি করে দেশের বাইরে পালিয়ে আছেন, তাদেরও বিচারের আওতায় দেশে ফিরিয়ে আনা হবে। লুণ্ঠিত প্রতিটি পয়সা হিসাব করে জনগণের উন্নয়নের কাজে লাগানো হবে।

​দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জামায়াতের আমির এক সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “উইদাউট বেটার এডুকেশন, দেয়ার ইজ নো বেটার নেশন। অর্থাৎ উন্নত শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমাদের দেশের শিক্ষাকে পরিকল্পিতভাবে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে।”

তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগে কৃষি বিপ্লব ঘটানো হবে। আধুনিক প্রযুক্তি ও গবেষণাকে প্রান্তিক কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার পরিকল্পনাও তিনি পেশ করেন।

সম্পর্কিত