জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাই জাদুঘরের বিভিন্ন নিদর্শন ও ধারণা পরিবর্তন করেছে। তিনি দাবি করেন, বিশেষত ভারতের ভয়ে সীমান্ত হত্যার সেগমেন্ট ও ফেলানীর ভাস্কর্য বাদ দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে জুলাই স্মৃতি জাদুঘরে এনসিপির প্রতিনিধি দলের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির প্রতিনিধি দল এসময় জুলাই জাদুঘর দেখতে থাকেন। প্রতিটি রুম ঘুরে দেখেন এনসিপি নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম বলেন, ‘‘নির্বাচনের পর জাদুঘরের বিভিন্ন প্রদর্শনীতে পরিবর্তন আনা হয়েছে। জুলাই আন্দোলনে আবু সাঈদসহ শহীদদের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও জাদুঘরে যথেষ্ট গুরুত্ব পায়নি।’’
এসময় আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে স্বায়ত্তশাসিত ব্যবস্থাপনার মাধ্যমে জাদুঘর পরিচালনা এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন নাহিদ ইসলাম। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জাতীয় ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে জাদুঘরের অব্যবহৃত স্থানগুলো আরও সৃজনশীলভাবে ব্যবহারের আহ্বানও জানান।