রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে অজ্ঞাত নারীর (৪০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, “ভোরে এক পথচারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ফ্লাইওভারের ওপর দুর্ঘটনার খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে।”
পুলিশের ধারণা, ফ্লাইওভারের ওপর দিয়ে হাঁটা বা রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগতির অজ্ঞাত গাড়ি ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এসআই সাইদুজ্জামান বলেন, “ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত ও সুরতহাল শেষে বুধবার দুপুরের পর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।”