পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান
সিলেটের বিএনপি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: চরচা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সিলেটের এই জনসভার মধ্যে দিয়ে ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করল বিএনপি।

তারেক রহমান বলেন, “কয়েক দিন ধরে খেয়াল করছি, দেশের ভেতরের কিছু কিছু মহল ষড়যন্ত্র শুরু করেছে। পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক যেমন ফ্যাসিস্টরা ভোটাধিকার হরণ করেছিল, একই রকম ষড়যন্ত্র শুরু করেছে একটি কুচক্রী মহল। ২০২৪ সালে প্রমাণ হয়েছে, দেশের মানুষ রাস্তায় নামলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “নির্বাচনের আগে একটি দল বেহেস্ত দেবে বলছে। বেহেস্তের মালিক আল্লাহ। তারা এটা দেওয়ার কথা বলে শিরক করেছে। তারা মানুষকে ঠকাচ্ছে। ১৯৭১ সালে তাদের কারণে দেশের লাখ লাখ মানুষ শহীদ হয়েছে। তাদের তো মানুষ দেখেই ফেলেছে। সে জন্যই বলি— দিল্লি নয়, পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ।”

সিলেটিদের ভাষায় ‘আপনারা বালা আছইন নি’ বলে সমাবেশে বক্তব্য শুরু করেন তারেক রহমান।

জনসভায় তারেক রহমান ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাদের স্মরণ করে বলেন, “যারা একবছর আগে দেশ ছেড়ে পালিয়েছে তারা মানুষের গলা চেপে ধরেছিল। বাক স্বাধীনতা হরণ করেছে। বিএনপি নেতা-কর্মীদের গুম-খুন করেছে। তারা উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করেছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। গত ১৫ বছরে নিশি রাতের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।”

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “৭১ সালে মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছিল, ২০২৪ সালে মানুষ রাস্তায় নেমে স্বাধীনতা রক্ষা করেছে। আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। ধানের শীষকে বিজয়ী করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারব। গত ১৫-১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দিয়েছিল। সেজন্য আমি বলেছি, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।”

তারেক বলেন, “আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। এখন ভোটের অধিকার প্রতিষ্টা করতে হবে। দেশকে গড়ে তুলতে হবে। এজন্যই আরেকটা কথা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নির্বাচনী প্রচারে সিলেট সফরে তারেক রহমানের সাথে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা রয়েছেন।

সম্পর্কিত