চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল মোড়ে বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের কাছে টানেল মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার বারখাইন এলাকায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী চরচাকে বলেন, টানেল মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা পথচারীদের একটি দ্রুতগতির বাস চাপা দেয়। সেখানে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাও দাঁড়িয়ে ছিল।
ঘটনাস্থলেই পথচারী দুই নারী নিহত হন বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, আহত তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।