সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আবুল কাশেম (৪৫), মামুন সরদার (৩০) ও ইসরাফিল সরদার (৪৬)। তাদের বাড়ি খুলনার কয়রা এলাকায় বলে বনরক্ষীরা জানিয়েছেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীর বাঁদুরঝুলির মুখ এলাকার খালে একটি নৌকা আটক করে বনরক্ষীরা। নৌকায় তল্লাশি করে আড়াই মণ বিভিন্ন প্রজাতির সাদা মাছ, দুটি মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় তিন জেলেকে আটক করা হয়।
বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ জানান, কলাগাছিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা বাদুরঝুলির মুখে নৌকাসহ তিন জেলেকে আটক করে। আটককৃত জেলেরা নিষিদ্ধ সময়ে আইন অমান্য করে সুন্দরবনের নদীতে মাছ ধরছিলেন। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। বন অপরাধীদের ধরতে সুন্দরবনে টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে।