বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। দুই রাজনৈতিক দলের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক চুক্তি।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথিশালা দিয়াওইউতাইয়ে এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়।
বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির চুক্তিতে স্বাক্ষর করেন। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং এমওইউতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।