ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে গতকাল সোমবার নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এদিন রাতে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগে এ–সংক্রান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন করে ইসি। আজ এই গেজেট (৪ মে সই করা) প্রকাশ করা হলো।
যদিও মনোনয়নপত্র বাতিল নিয়ে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চআদালতে জামায়াত জোটের আরেক প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের রিটের শুনানি হতে পারে আজ মঙ্গলবার।
এতে ভিন্ন কোনো নির্দেশনা এলে ইসি কী করবে- জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেলে মাছউদ বলেন, ‘‘আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই। এর আগে নুসরাত তাবাসসুমের রিটের পরিপ্রেক্ষিতে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে বলা হয়েছিল। আমরা তা বাছাই করার পর তিনি বৈধ হয়েছেন। আইন অনুযায়ী, বাছাইয়ে বৈধতার পর এমন ক্ষেত্রে একদিন অপেক্ষা করা যায়। আমরা দু’দিন অপেক্ষা করেছি, কোনো আদেশ নেই। কাজেই যদি মঙ্গলবারের শুনানিতে অন্য কোনো নির্দেশনা আসে, সে অনুযায়ী কাজ করব।’’