আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশান থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির।
শফিকুল ইসলাম জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৫ সালের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় হামলার শিকার হন লতিফ সিদ্দিকীসহ আলোচকরা। পরে তাকেসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ।
পর দিন শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় নিম্ন ও উচ্চ আদালতে ২০২৫ সালের ৬ নভেম্বর জামিনের পর তিনি মুক্তি পান।
এর মধ্যেই রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয় লতিফ সিদ্দিকীকে।