সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার
সুপ্রিক কোর্ট। ফাইল ছবি

রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতরে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। পরে বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামতগুলো জব্দ করে। পরে ডিএমপির সিটিটিসি ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে গ্রেনেডগুলো উদ্ধার করে। পরবর্তীতে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

এসব তথ্য জানিয়ে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গ্রেনেডগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিষ্ক্রিয় করা হয়েছে।

ঘটনার উৎস ও কীভাবে গ্রেনেডগুলো সেখানে এল–তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত