অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ইতিহাসের সেরা সব স্পিনাররা। তাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা দেশটিতে ইনিংসে পাঁচ উইকেটের দেখাই পাননি। এদের মধ্যে আছেন মুত্তিয়া মুরালিধরন, রবিচন্দ্রন অশ্বিনরা। আর বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ সেখানে নিজের প্রথম ম্যাচেই ৫ উইকেটের কীর্তি গড়ে ফেলেছেন।
মিরাজকে নিয়ে একটা সমালোচনা প্রায়ই হয়। তিনি নাকি শুধু কেবল বাংলাদেশের মাঠেই কার্যকর। তবে অস্ট্রেলিয়ায় গিয়ে বল হাতে তিনি দেখিয়ে দিয়েছেন, তিনি বাজিমাত করতে পারেন বিদেশের মাটিতেও।
ডারউইনের উইকেটে প্রথম দুই দিনে দুই দলের স্পিনাররা তেমন কিছু করতে পারেননি। মিরাজ প্রথম ইনিংসে উইকেটই পাননি। তবে তৃতীয় দিন স্টিভ স্মিথকে ফিরিয়ে শুরু হয় তার স্মরণীয় এক স্পেলের।
চতুর্থ দিন সকালে ক্রিজের ব্যবহার, ড্রিফট আর ট্র্যাডিশনাল অফ স্পিনেই ধরাশায়ী করেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৫তম পাঁচ উইকেট।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই মিরাজ ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন। অন্যদিকে মুরালিধরন, অশ্বিন ছাড়াও হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, সাঈদ আজমল, ইয়াসির শাহরা গোটা ক্যারিয়ারে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্টে এমন কিছু করতে পারেননি।
মিরাজের বল হাতে এই পারফরম্যান্স আরও বিশেষ হয়েছে আরেকটি কারণেও। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেন দৃঢ়চেতা ফিফটি, যা বাংলাদেশকে এনে দেয় বিশাল লিড। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মিরাজ একই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি ও পাঁচ উইকেট নিয়েছেন।