স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যার আসামি ফের কারাগারে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যার আসামি ফের কারাগারে
আজিজুর রহমান মোসাব্বির। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার প্রধান আসামি বিল্লালকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক।

তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, বিল্লাল স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মতি দিয়েছিলেন। এ কারণে আদালতে জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়। তবে বিচারকের খাসকক্ষে নেওয়ার পর বিল্লাল হঠাৎ জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১১ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চলের পূর্ব নাখালপাড়া এলাকা থেকে বিল্লালকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে ১৯ জানুয়ারি আবার তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৭ জানুয়ারি রাতে পশ্চিম তেজতুরী বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে মোসাব্বির বাসায় ফিরছিলেন। রাত ৮টা ১০ মিনিটের দিকে আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে অজ্ঞাত ৪-৫ জন তাকে গতিরোধ করে গুলি করে। তাকে বাঁচাতে গেলে সঙ্গে থাকা সুফিয়ান বেপারী মাসুদকেও গুলি করা হয়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে মুসাব্বিরকে মৃত ঘোষণা করা হয় এবং মাসুদকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

নিহতের স্ত্রী সুরাইয়া বেগম পরদিন তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত