নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এখনো অন্তত ৪ হাজার ২১৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্যাকবলিত কয়েকটি জেলা থেকে ১ হাজার ২৫২টি মরদেহ ও মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চিতওয়ানে। সেখানে ৩৫৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর নাওয়ালপারাসি ইস্টে ২১৮ জন, নাওয়ালপারাসি ওয়েস্টে ২০৮ জন এবং নুওয়াকোটে ১৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্যোগের সূত্রপাত হওয়া রাসুয়ায় ১২৭ জনের মৃত্যু হয়েছে।
এনডিআরআরএমএর তথ্য অনুযায়ী, গোরখা, ধাদিং ও তানাহুন থেকেও মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার হওয়া ১ হাজার ২৫২টি মরদেহের মধ্যে মাত্র ৯৫ জনকে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিক, জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী, নিরাপত্তাকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন। শুধু জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ৯০০ কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
নেপাল সরকার জানিয়েছে, অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ২১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত ১১ হাজার ৯১৩ জনকে উদ্ধার করা হয়েছে।