আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইরান ড্রোন হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এ নিয়ে লস অ্যাঞ্জেলেসের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একটি মেমো পাঠিয়েছে সংস্থাটি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই মেমোতে বলা হয়েছে, ইরান সমুদ্র থেকে ক্যালিফোর্নিয়ায় একটি আকস্মিক ড্রোন হামলা চালানোর চেষ্টা করতে পারে।
যুক্তরাষ্ট্র এবং ক্যালিফোর্নিয়ার আইন প্রয়োগকারী গোয়েন্দা কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, এই মেমোর ভিত্তি হিসেবে বর্তমানে কোনো নির্দিষ্ট বা সুনিশ্চিত হুমকির খবর নেই। এটি মূলত ইরানে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার আগের একটি তথ্যের ভিত্তিতে পাঠানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এক্সে দেওয়া একটি পোস্টে বলেছেন, যদিও এই মুহূর্তে কোনো আসন্ন হুমকি সম্পর্কে আমরা অবগত নই, তবুও আমাদের অঙ্গরাজ্যে যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘এটি তদন্ত করা হচ্ছে, তবে বর্তমানে অনেক কিছুই ঘটছে এবং আমাদের যা করার আছে তা হলো পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া।’’