চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছে একটি তৈরি পোশাক কারখানার কিছু শ্রমিক।
আজ বুধবার বেলা ১১টা থেকে বাযেজিদ থানাধীন মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় ‘ইত্যাদি জিন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক সড়কে অবস্থান নেয়।
সড়ক অবরোধের ফলে উভয়দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে এবং সাধারণ পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।
পুলিশ জানায়, ইত্যাদি জিন্স নামের কারখানাটির মালিকানা পরিবর্তন হয় কিছুদিন আগে। নতুন মালিকপক্ষের সাথে বকেয়া বেতন ভাতা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে তারা কিছুদিন আগে চারদিনের কর্মবিরতিও পালন করে।
শিল্প পুলিশ চট্টগ্রামের সুপার মাহমুদা বেগম চরচাকে বলেন, “দেনা-পাওনা নিয়ে বেশ কিছুদিন ধরে মালিক শ্রমিকদের মধ্যে সমস্যা চলছিল, সম্প্রতি মালিকানা পরিবর্তন হওয়ায় তা আরও জটিল হয়।”
এর জেরে বুধবার সকালেও শ্রমিকরা কর্মবিরতি শুরু করে এবং পরে সড়কে নেমে আসে। তাদের বুঝিয়ে সড়ক থেকে ওঠানোর চেষ্টা চলছে।
বেলা ৩টা পর্যন্ত আতুরার ডিপো এলাকায় সড়ক অবরোধ চলছিল।