রাজশাহীর চারঘাটে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে ‘কটূক্তি’ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। তবে নারায়ণ চন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কী পোস্ট করেছিলেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
চারঘাট উপজেলার ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে গতকাল বুধবার দুপুরে নারায়ণ চন্দ্রকে আটক করা হয়। তিনি ২৫ বছর ধরে ওই বিদ্যালয়ের হিন্দু ধর্মবিষয়ক শিক্ষক।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান তাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নারায়ণ চন্দ্র সামাজিক যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার রাতে তিনি ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে ‘কটূক্তিপূর্ণ’ একটি ফটোকার্ড পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
স্থানীয়রা বলছেন, গতকাল বুধবার সকালে নারায়ণ চন্দ্রের খোঁজ শুরু হয়। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খাতুনের কক্ষে নারায়ণ চন্দ্রকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেওয়া হয়। চারঘাট মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারায়ণ চন্দ্রকে আটক করে থানায় নিয়ে যায়।
রাবিয়া খাতুন বলেন, ‘‘নারায়ণ চন্দ্র গত ২৫ বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এর আগেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিতর্কিত পোস্ট করেছিলেন। সে সময় স্থানীয়দের আপত্তির মুখে তাকে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও তিনি আবারও আপত্তিকর পোস্ট দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশে খবর দেওয়া হয়।’’
পুলিশ কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেছেন, অভিযোগ ওঠা শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।